
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করার লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সুশীল সমাজ সংগঠনের (সিএসও) এক গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় তানোর উপজেলা বিআরডিবি হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং নেটজ (NETZ) বাংলাদেশের অংশীদারিত্বে ডাসকো ফাউন্ডেশনের ‘এনগেজ’ (ENGAGE) প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিএসও সভাপ্রধান জোসটিনা মূর্মু।
সংলাপের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রকল্পের উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানটির সার্বিক প্রস্তুতি ও সঞ্চালনায় ছিলেন এরিয়া অফিসার মাকসুদা খানম।
সংলাপে আরও বক্তব্য রাখেন উপজেলার কাঠালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা সিএসও সদস্য আব্দুল মতিন ও রাজেন হেমরম। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন স্টুডেন্ট ফোরামের সদস্য মিম আক্তার ও শাম্মী জাহানসহ অনেকে।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তানোর এলাকার পরিবেশগত প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করেন এবং তা সমাধানে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। বক্তারা গ্রামীণ এলাকায় নিরাপদ পানি নিশ্চিতকরণ, টেকসই পরিবেশ তৈরি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারি সেবা যেন যথাযথভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায়, সে ব্যাপারে গুরুত্বারোপ করেন।
সমগ্র কর্মসূচিটি মাঠ পর্যায়ে সফলভাবে পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড ফ্যাসিলিটেটর ফিরোজা খাতুন এবং আবু ইউসুফ। অনুষ্ঠান শেষে তানোর উপজেলার পরিবেশগত মানোন্নয়নে ও টেকসই লক্ষ্য অর্জনে সকলে একযোগে কাজ করার যৌথ সিদ্ধান্ত ও সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪