
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে আসিফা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে তানোর পৌরসভার সিন্দুকাই গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আসিফা সিন্দুকাই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। তাঁর চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মেহেদী হাসান ও শাশুড়ি মমতাজ বেগমের সঙ্গে আসিফার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। পরে মেহেদী হাসান কৃষিকাজের জন্য জমিতে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে শিশুসন্তান তাসলিম হাসান তানভীর (৪) মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে। এ সময় পরিবারের সদস্যরা আসিফার ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে ডাকা হয়।
পরে ঘরের ওপরের বাঁশের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচানো অবস্থায় আসিফাকে ঝুলতে দেখা যায়। তাঁকে নিচে নামিয়ে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের ভাষ্য, সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ির সঙ্গে আসিফার প্রায়ই ঝগড়া হতো। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪