
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী ‘বিল কুমারী বিল’সহ জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্টেকহোল্ডার ওয়ার্কশপ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও তানোর উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর প্রকল্প পরিচালক শামসুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ, প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা আব্দুল্লা-হিল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব হুসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, তানোর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা প্রমুখ।
সেমিনারে তানোর উপজেলার মৎস্যসম্পদ উন্নয়নে প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে চার বছর মেয়াদি (জুলাই ২০২৫-জুন ২০২৯) এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) ৩৫৩৯.৮৩ লক্ষ টাকা ব্যয়ে রাজশাহী বিভাগের তিনটি জেলার চারটি উপজেলার ছয়টি বিলে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে তানোর উপজেলার ১১৫৭ হেক্টর আয়তনের ‘বিল কুমারী বিল’ অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিল।
বক্তারা আরও বলেন, সমাজভিত্তিক ও দায়িত্বশীল ব্যবস্থাপনার মাধ্যমে বিল কুমারী বিলের মাছের উৎপাদনশীলতা বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় বিলে অভয়াশ্রম স্থাপন, পোনা মাছ অবমুক্তকরণ, বিল নার্সারি স্থাপন এবং তানোরের নিবন্ধিত মৎস্যজীবীদের দক্ষতা উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে।
ওয়ার্কশপে তানোর উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও মৎস্যচাষী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা বিল কুমারী বিলের অবৈধ দখল ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪