
নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘অধিকার আদায়ের জন্য চাই সকল জনজাতির বৃহত্তর ঐক্য’ স্লোগান সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১২তম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে দিনব্যাপী এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে এবং রক্ষাগোলা গ্রাম, সিসিবিভিও (CCBVO), রাজশাহী ও জার্মানির ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের সহায়তায় বাস্তবায়নাধীন ‘রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। এতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনগুলোর প্রায় এক হাজার নেতা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কংগ্রেসের প্রথম পর্বে অতিথি বরণ, বর্ণাঢ্য র্যালি ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় জাতীয় পতাকা ও রক্ষাগোলা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সিসিবিভিওর সভাপতি অধ্যাপক মো. আব্দুস সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডপ্রবাসী রক্ষাগোলা সংগঠনের শুভাকাঙ্ক্ষী আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিওর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, রক্ষাগোলা সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জনজাতির মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ঐক্য ও সংহতি জোরদার, খাদ্য ও জীবিকা নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবা পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পরে রক্ষাগোলা সমন্বয় কমিটির পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
কংগ্রেসের দ্বিতীয় পর্বে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন। এ পর্বে সংগঠনগুলোর নীতিমালা উপস্থাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা আয়োজনের বিষয়েও মতবিনিময় করা হয়।
দ্বিতীয় পর্বের কার্যক্রমে সহায়তা করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যসচিব ও সিসিবিভিওর সমন্বয়কারী আরিফ ইথার। সঞ্চালনা করেন সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।
অনুষ্ঠানে সিসিবিভিওর সহ-সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা যোসেফ হাঁসদা, রুমা লাভলী মুর্মু ও পৌল টুডুসহ সংগঠনটির সব সমাজ সংগঠক উপস্থিত ছিলেন।
কংগ্রেসে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনগুলোকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ঐক্য, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪