
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিনিয়র জামায়াতে ইসলামী নেতা আব্দুর রহিম মোল্লা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তানোর উপজেলা সভাপতি শম্ভুনাথ হালদার, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্রসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং উপজেলার ৫৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গোৎসবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তানোর উপজেলার দুই পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবার মোট ৫৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গোৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪