
নিজস্ব প্রতিবেদক, তানোর : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমান, সিনিয়র উপজেলা ব্যবস্থাপক (এসএফডিএফ) রাজিব বর্মনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বয়স বাড়ার সঙ্গে মানুষের প্রয়োজন ও প্রত্যাশার ধরনও পরিবর্তিত হয়। প্রবীণদের জন্য শুধু আর্থিক বা সামাজিক সহায়তা নয়, তাঁদের সম্মান, নিরাপত্তা ও সমাজে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানো গেলে প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এতে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯০ সালে ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪