
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতকরণ, গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার এবং উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
সভায় উপজেলা সদর, থানা মোড় ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সমন্বয়ে কার্যকর কমিটি গঠনের বিষয়েও আলোচনা করা হয়। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং নাগরিক দুর্ভোগ কমাতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে পর্যায়ক্রমে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, যৌতুক নিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসব সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক সমন্বয়, জনসেবা কার্যক্রমের অগ্রগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাগুলোতে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাসদাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলোয়া ফেরদৌসীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪