
নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী এলাকার তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষায় ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে ৫৩ বিজিবি। এতে স্থানীয় ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
বিজিবি জানায়, এ উদ্যোগের মাধ্যমে বেকার তরুণদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হতে সহায়তা করা হবে। এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নে ৩৫ জন যুবককে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবি সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪