
নিজস্ব প্রতিবেদক, তানোর : শারদীয় দুর্গোৎসবে অগ্নিদুর্ঘটনা মোকাবিলা ও নিরাপত্তা জোরদারে রাজশাহীর তানোর উপজেলার ৫৮টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) বিতরণ করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
গত শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাতে উপজেলার আইড়া সর্বজনীন দুর্গামন্দিরে মন্দির কর্তৃপক্ষের হাতে অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী তাঁর পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীরা উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৫৮টি পূজামণ্ডপে এসব যন্ত্র বিতরণ করেন।
এদিকে, পূজা শুরুর আগে কালিগঞ্জ হাট দুর্গামন্দির, বাধাইড় ও কামারগাঁ ইউনিয়নের কয়েকটি দুর্গামন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার খোঁজখবর নেন মিজানুর রহমান মিজান। এ সময় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের সহযোগিতা ও নিয়মিত খোঁজখবর রাখার নির্দেশনা দেন।
মিজানুর রহমান মিজান বলেন, “দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে বার্তা দিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্যক্তিগত উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেছি। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম বলেন, “দুর্গোৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করতে এ উদ্যোগ সহায়ক হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।”
উপজেলার একাধিক পূজামণ্ডপের সভাপতি এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলে প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষেত্রে সহায়তা পাওয়া যেতে পারে।
এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নিনির্বাপক যন্ত্রের পাশাপাশি বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪