
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে সিলিং ফ্যান, চেয়ার, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন। এ জন্য সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়ভিত্তিক সেবা নিশ্চিত করা গেলে উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছাবে। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী শাহীন সালাম ও মাহমুদুল হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সাকিল হোসেন প্রমুখ।
এ ছাড়া সিনিয়র জামায়াত নেতা ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমীর আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মাহাবুর চৌধুরীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি, সামাজিক ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশ নেন। একই দিনে জিওল দাখিল মাদরাসা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪