1. admin@rajshahitribune24.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানোরে সারসংকট নিরসন ও ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকার পণ্য জব্দ তানোরে ‘চলো পড়তে শিখি’ কার্যক্রমের পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বন্যার্তদের পাশে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের স্বেচ্ছাসেবীরা তানোরে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্মহত্যা তানোরে খাস জমি নিয়ে ভূমিহীনদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ বোতল মদ ও ২৮ বোতল ফেনসিডিল জব্দ

তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লাইলা নুর ও শাহজামাল, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি আজিজুর রহমান, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউল ইসলাম শিশির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী বলেন, “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
ইউএনও নাঈমা খান বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।#

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!