
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা বাজারে গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুণ্ডুমালা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান।
দণ্ডপ্রাপ্ত আব্দুল লতিফ পুতুল (৪০) উপজেলার সাদিপুর গ্রামের মৃত কয়েশ উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় গাঁজা সেবনরত অবস্থায় আব্দুল লতিফ পুতুলকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪