
ডেস্ক রিপোর্ট : হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জনস্বার্থবিরোধী বলে দাবি করা মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।
শুক্রবার (১৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে আয়োজিত মানববন্ধনের শিরোনাম ছিল ‘প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ সম্ভাবনাময় শিশু হত্যার জন্য দায়ী ইউনূস-নূরজাহান গংদের বিচার ও মৃত শিশুদের ক্ষতিপূরণের দাবি’।
মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সাদা কাফনের কাপড়ে মোড়ানো মৃত শিশুদের প্রতিকৃতি (মোটিফ) প্রদর্শন করে প্রতিবাদ জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, টিকা সংগ্রহে ব্যর্থতা, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে টিকার সংকট তৈরি হয়েছে। এর ফলে সরকারি হিসাবে ৫ শতাধিক শিশু মারা গেছে বলে দাবি করেন তারা। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি বলেও উল্লেখ করা হয়।
তারা বলেন, এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পরিকল্পিত মানবিক বিপর্যয়। এ ঘটনায় দায়ীদের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দাবি করা হয়।
সূত্র : বাংলা নিউজ২৪।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪