
নিজস্ব প্রতিবেদক, তানোর : আস-সুন্নাহ ফাউন্ডেশন–এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ (হাফি.)–এর পক্ষ থেকে রাজশাহীর মোহনপুর উপজেলায় ৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের খানপুর, লালপুর, মল্লিকপুর, মোহনপুর, পাচপাড়া ও বাঘ বাজার গ্রামের হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মশুর ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি খেজুর ও ১ লিটার সরিষার তেল।
উদীয়মান তরুণ ইসলামী আলোচক ও দাঈ মুহাম্মাদ হাবীবুল্লাহ খানের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারী বুলবুল হোসেন, স্থানীয় স্বেচ্ছাসেবী যুবক শরীফুল ইসলাম, আব্দুস সাত্তার, মিজানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুপ্রেরণামূলক বার্তাও তুলে ধরা হয়। অনেক পরিবারের ঘরে ইফতারের ন্যূনতম আয়োজনও নেই—এমন বাস্তবতা কাছ থেকে দেখে স্বেচ্ছাসেবকেরা আবেগাপ্লুত হন বলে জানান সংশ্লিষ্টরা।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪