
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার জবই বিল ও পার্শ্ববর্তী বিলসমূহের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং বিলের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় দুই টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা ১০টায় ২০২৫-২৬ অর্থবছরের ‘জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় উপজেলার বিলকুমারী বিল ব্রীজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ-হিল-মারুফ। এ সময় স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা ৯০০ কেজি এবং দেশীয় প্রজাতির শিং, টেংরা, পাবদা ও গুলশা মাছের পোনা ১ হাজার ৫০ কেজি অবমুক্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৯৫০ কেজি পোনা মাছ জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়ে ছাড়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে বিলাঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে, দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধ করা সম্ভব হবে এবং স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪