
ডেস্ক রিপোর্ট : ফটিকছড়ি উপজেলার মির্জাহাট বাজারে একটি দোকানের গুদাম থেকে জুয়েল আরমান (৩১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জুয়েল আরমান ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বড়বাড়ির জহুরুল ইসলাম সওদাগরের ছোট ছেলে। বুধবার (১৩ মে) বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাহাট বাজারে তার পৈত্রিক মুদির দোকানের গুদামে এ ঘটনা ঘটে
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা কলহের কারণে জুয়েল আরমান কিছুদিন ধরে চরম হতাশায় ভুগছিলেন। বিকেলের দিকে দোকানের এক কর্মচারী গুদামে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পার্শ্ববর্তী দোকানদার জনি জানান, জুয়েল আমার ছোট ভাইয়ের মতো ছিল। তার বড় ধরনের কোনো পারিবারিক বা মানসিক সমস্যা ছিল বলে জানতাম না। তবে সে আমাকে বলেছিল, ব্যবসায়িক কোনো লেনদেন থাকলে তা দ্রুত শেষ করে নিতে। তখন বিষয়টির গুরুত্ব বুঝতে পারিনি।
মির্জাহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক করিম বলেন, ধারণা করা হচ্ছে দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে যেকোনো সময় ঘটনাটি ঘটেছে। জুয়েলের বাবা প্রথম তাকে দোকানের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কিছুদিন ধরে তার মানসিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিশ্চিত করে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪