
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় ধান রোপণের সময় বজ্রপাতে সেন্টু আলী (৪৭) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার বাধাইড় ইউনিয়নের মাড়িয়া গ্রামের ধানি মাঠে এ ঘটনা ঘটে। বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত সেন্টু আলী ওই গ্রামের বাসিন্দা এবং তাইফুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সোমবার সকালে ধান রোপণের কাজ করতে সেন্টু আলী মাঠে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। সরকারি বিধি ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রাপ্য সহায়তা দেওয়া হবে।
স্থানীয়রা জানান, গত রোববার রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া বইতে শুরু করে। মাঝেমধ্যে বৃষ্টি হলেও বৃষ্টিপাত কম হওয়ায় আলুর তেমন ক্ষতি হয়নি। তবে ঝড়ে কিছু আমগাছের গুটি ঝরে পড়েছে এবং বিভিন্ন স্থানে গাছ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
সেন্টু আলীর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪