
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম মাসুদ পারভেজ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তিনি তানোর থানায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, গত ৪ মার্চ রাজশাহী জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে এস এম মাসুদ পারভেজকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশের ডিএসবি শাখায় কর্মরত ছিলেন।
অন্যদিকে পৃথক এক অফিস আদেশে এর আগে তানোর থানার পূর্ববর্তী ওসি শাহিনুজ্জামানকে বগুড়া জেলায় বদলি করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষ যাতে দ্রুত ও সঠিক পুলিশি সেবা পায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪