
নিজস্ব প্রতিবেদক, তানোর : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে রাজশাহীর তানোর উপজেলায় ৪০০ জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাইমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি. এম. আক্কাস আলী, রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
এ ছাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার মোট ৪০০ জন অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
বক্তারা বলেন, মানবিক সহায়তার এ কার্যক্রম সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে ঈদের আগে উপহার ও সহায়তা বিতরণ সম্পন্ন করতে না পারায় আয়োজকদের পক্ষ থেকে উপকারভোগী ও স্থানীয় জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়।
এর আগে সকাল ১১টায় উপজেলার পাচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় বাইতুল আমান দাখিল মাদ্রাসা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। পরে তিনি ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে সাংগঠনিক মতবিনিময়, বৃক্ষরোপণ ও ফল উৎসবে অংশ নেন। বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানবিক এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন উপকারভোগীরা।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪