
নিজস্ব প্রতিবেদক, তানোর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী এসব উপহার বিতরণ করেন হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী।
কামারগাঁ কাচারিবাড়ি সহ আশপাশের বিভিন্ন গ্রামে গিয়ে তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাইসহ ঈদের প্রয়োজনীয় নিত্যপণ্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাফসান জানি হিমেল, ছাত্রদল নেতা হামিম সোনার ও ফয়সালসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শরীফ উদ্দিন মুন্সী বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে কোনো অসহায় মানুষ কষ্টে থাকবে না। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপকারভোগীদের একজন, কামারগাঁ গ্রামের রহিমা বেগম বলেন, “আমরা গরিব মানুষ, ঈদের সময় একটু ভালোভাবে চলার চিন্তা করি। এই উপহার পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। আল্লাহ যেন তাদের আরও ভালো রাখেন।”
উল্লেখ্য, শরীফ উদ্দিন মুন্সী তার পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হক ফাউন্ডেশনের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে তানোর উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪