
নিজস্ব প্রতিবেদক, তানোর : দীর্ঘ একযুগের পর আবারো ফিরছে শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। আজ ২৮ ডিসেম্বর, রোববার সকাল ১০টা থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষায় সারা দেশের ন্যায় রাজশাহীর তানোর উপজেলায় ২টি কেন্দ্রে মোট অংশ নেবেন ৮০৬ জন পরীক্ষার্থী। ৩১ ডিসেম্বর পরীক্ষা শেষ হবে।
সংশ্লিষ্টরা জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এর পৃথক তত্ত্বাবধানে আয়োজিত এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরইমধ্যে তানোর উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সর্ম্পূণ করেছে। উপজেলা সদরের তানোর মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ৫৫১ জন জেএসসি পরীক্ষার্থী এবং মুন্ডুমালা কামিল মাদরাসা কেন্দ্রে ২৫৫ জন জেডিসি পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মোবাইল ফোন কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রে নিতে পারবেন না বলেও জানানো হয়েছে।
তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, তানোরে ২টি কেন্দ্রে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা দিতে পারবেন এবং কোনোভাবেই প্রশ্নফাঁস বা বিশৃঙ্খলা ঘটতে দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা ও কেন্দ্রসচিবদের সঙ্গে সমন্বয় রাখা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা যাচাই করার গুরুত্বপূর্ণ একটি ধাপ। এজন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষা যেন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্য নিয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪