1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে তদন্তাধীন মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় একটি তদন্তাধীন মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে তানোর পৌর এলাকার গোল্লাপাড়া বাজারে “কুঠিপাড়া গ্রামবাসীসহ তানোরের সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সঞ্চালনা করেন তানোর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জুয়েল রানা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির।
এ সময় বক্তব্য দেন, জালালের ছোট ভাই ও সাবেক শিবির নেতা ইসাহাক আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজি আফজাল হোসেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি দশ্যনাথসহ আরও কয়েকজন। বক্তারা অভিযোগ করেন, একটি ঘটনায় জালালসহ কয়েকজনকে অযথা আসামি করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মেহেদী হাসান (২৫) এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছিল। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপ্রাসঙ্গিকভাবে যুক্ত ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সার্কেল এএসপি ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ৯টার দিকে তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজার সংলগ্ন কুঠিপাড়া গ্রামে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের মালিকানাধীন ‘বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্ক’ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে ডিস লাইনের ডিজিটাল সার্ভার ও কন্ট্রোল রুমে ভাঙচুর করা হয় এবং সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
অভিযোগ রয়েছে, মেহেদী হাসান (২৫) নামে এক যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। যিনি জালালের ভাতিজা। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে। পরদিন ক্যাবল ব্যবসার ম্যানেজার মাসুম জালালসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে তানোর থানায় আরেকটি মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, তার ব্যবসা প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা চালানো হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মামলা করা হয়েছে। একই সঙ্গে একটি মহল আসামিদের রক্ষায় বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা ইলিয়াস ও সাদিকুলসহ কয়েকজন জানান, ঘটনাটি প্রকাশ্যে সংঘটিত হয়েছে এবং এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “ভাঙচুর ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!