
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার যোগিশোলা গ্রাম থেকে চুরি হওয়া একটি ইঞ্জিনচালিত ভটভটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ভটভটিটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর পবা উপজেলার দীঘির পারিলা গ্রামের আলমগীর মাল (৩৮) এবং তানোর উপজেলার দুবইল গ্রামের জসিম আলী (৩৪)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে যোগিশোলা গ্রামের বাসিন্দা আব্দুল করিমের বাড়ির উঠানে রাখা তিন চাকার ইঞ্জিনচালিত ভটভটিটি চুরি হয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা ভটভটিটি খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। পরে এ ঘটনায় তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) ভোররাতে পবা উপজেলার দীঘির পারিলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আলমগীর মালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মেশিনারিজ দোকানের উত্তর পাশ থেকে চুরি হওয়া ভটভটিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর মাল জানান, তিনি ভটভটিটি তানোর উপজেলার দুবইল গ্রামের জসিম আলীর কাছ থেকে কিনেছেন। এ তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে জসিম আলীকেও গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে জসিম আলী ভটভটিটি চুরি করে বিক্রির কথা স্বীকার করেছেন। প্রাথমিক তদন্তে দুই আসামির বিরুদ্ধে চুরির ঘটনায় সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পুলিশ তাদের একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য কি না, সে বিষয়েও তদন্ত করছে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “চুরি হওয়া ভটভটিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে রাখার আবেদন করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪