
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তানোর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। এতে উপজেলা বিএনপি, তানোর ও মুন্ডুমালা পৌর বিএনপি এবং উপজেলার সাত ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় জিরো পয়েন্ট ও উপজেলা পরিষদ এলাকা ঘুরে একই এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম।
সভায় বক্তব্য দেন তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, তানোর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আরশাদ আলী, বর্তমান যুগ্ম আহ্বায়ক আলতাফ মণ্ডল, সদস্য সচিব আব্দুস সবুর, সিনিয়র বিএনপি নেতা ওমর আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় তানোর উপজেলা, তানোর ও মুন্ডুমালা পৌরসভা এবং উপজেলার সাত ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে প্রতিষ্ঠিত দলটি দেশের রাজনীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে সামনে রেখে যাত্রা শুরু করে।
তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে জনগণের অধিকার আদায়ে ভূমিকা রেখে আসছে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী দলের সব নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা জানান।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪