1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রাজশাহীর তানোরে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে মোট ২ হাজার ৭৫০টি ফলজ চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টায় উপজেলা সদরের তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও নাঈমা খান বিদ্যালয় প্রাঙ্গণে একটি বারি আম-৪ জাতের আমের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা চারাগুলোর মধ্যে বিভিন্ন জাতের ফলদ গাছ রয়েছে। চারার পাশাপাশি প্রয়োজনীয় সার ও অন্যান্য উপকরণও উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে, যাতে চারাগুলোর সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করা যায়।
সংশ্লিষ্টরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, ফল উৎপাদন বাড়ানো এবং কৃষকদের অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!