1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় এক ৩০ বছর বয়সী মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে তাঁর ৬০ বছর বয়সী আপন চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) ভুক্তভোগীর ভাবি বাদী হয়ে তানোর থানায় অভিযোগ দায়ের করলে মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়।

থানা ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী। তাঁর মা অসুস্থ থাকায় চিকিৎসা ও দেখাশোনার সুবিধার্থে গত ২৩ মে তাঁকে উপজেলার আড়াদীঘি গ্রামের নিজ চাচা মো. মকবুলের বাড়িতে রাখা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩ জুন রাত আনুমানিক ১১টার দিকে বাড়ির অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত মকবুল ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন সকালে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার বিষয়ে স্বজনদের জানান।

ঘটনার পর স্বজনরা বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা-পর্যালোচনা করেন। পরে আইনগত প্রতিকার চেয়ে শনিবার (৭ জুন) তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে এবং তাৎক্ষণিকভাবে অভিযানে নামে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়ভাবে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!