1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে পুকুর খননে অভিযান: দুটি ভেকু অচল, ৮ ব্যাটারি জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি এক্সকাভেটর (ভেকু) অচল করে দেওয়া হয়েছে এবং আটটি ব্যাটারি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান।
অভিযান সূত্রে জানা যায়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পুকুর খননের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থলে থাকা যন্ত্রপাতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে পাঁচন্দর ইউনিয়নের বিনোদপুর গ্রাম থেকে চারটি ব্যাটারি জব্দ করা হয়। এ ছাড়া তানোর পৌর এলাকার মাসিন্দা ও ট্যাপার মোড় সংলগ্ন এলাকা থেকে দুটি এক্সকাভেটর অচল করা হয়। পাশাপাশি কালিগঞ্জ হাট সংলগ্ন একটি মাদ্রাসার পেছন থেকে আরও চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় জমির শ্রেণি পরিবর্তন না করে এবং ফসলি জমির ওপরের উর্বর মাটি (টপসয়েল) কেটে অবৈধভাবে পুকুর খননের প্রবণতা বেড়েছে। এতে কৃষিজমির ক্ষতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “অবৈধ পুকুর খনন ও ফসলি জমির উর্বর মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই এসব অনিয়ম বরদাশত করা হবে না।”
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা অবৈধ পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!