
নিজস্ব প্রতিবেদক, তানোর : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত তানোরের যুবক ইসমাইল হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। একই দিনে তিনি উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর গ্রামে নিহত ইসমাইলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি নিহতের হতদরিদ্র পিতা আলতাফ হোসেনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
জানা গেছে, গত ২৪ মে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতুর পূর্বপ্রান্ত এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত ও কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে ছিলেন তানোর উপজেলার বাতাসপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন (২১)। তিনি জীবিকার তাগিদে সাইকেলে বিভিন্ন পণ্য ফেরি করে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় ব্যবসা করতেন।
নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডি এম আক্কাস, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আওয়াল, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি ড. ওবায়দুল্লাহ, তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কাদির, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে দুপুরে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কচুয়া কারিগরি ভোকেশনাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অধ্যাপক মুজিবুর রহমান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আধুনিক শিক্ষা অবকাঠামোর বিকল্প নেই। নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪