1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় জবই বিল ও পার্শ্ববর্তী বিল এলাকার মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবিকায় সহায়তা দিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে তানোর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের “বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির আওতায় ১৮ জন নিবন্ধিত জেলের মাঝে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বকনা বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জবই বিল ও আশপাশের বিল এলাকায় মাছের উৎপাদন ও প্রাপ্যতা কমে যাওয়ায় অনেক জেলে জীবিকা সংকটে পড়েছেন। এসব জেলের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকার এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
বকনা বাছুর পাওয়া উপকারভোগী জেলেরা জানান, বাছুরগুলো লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। এতে তাঁদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে বলে তারা আশা করছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “জেলেদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের বিকল্প কর্মসংস্থানভিত্তিক সহায়তা প্রদান করছে। জেলেরা যেন স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!