
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার চার পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দিনগত সন্ধ্যা রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পর্যায়ক্রমে তানোর থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার কাশিমবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. খোকন আলী (২০) ও মো. রুবেল হোসেনকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই উপজেলার রায়তান বাজে আকচা গ্রামের বাসিন্দা। তাঁদের কাছ থেকে ৮ পিস ইয়াবা এবং ইয়াবা ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তানোর থানার উপপরিদর্শক (এসআই) আবু হুরাইরা। তাঁর সঙ্গে ছিলেন এসআই উৎপল কুমার, এসআই মাসুদ আলী, এএসআই খাইরুল ইসলাম ও পুলিশের একটি দল।
এদিকে একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— তিন মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত উপজেলার বাকুশপুর গ্রামের মো. আশরাফুল ইসলাম, জিআর পরোয়ানাভুক্ত অমৃতপুর গ্রামের আব্দুস সালাম, এমজিআর পরোয়ানাভুক্ত পারিশো গ্রামের মো. আবু হেনা এবং জিআর পরোয়ানাভুক্ত ভাতরন্দ গ্রামের মো. মাসুদ রানা। তাঁদের সবার বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার অভিযানে অংশ নেন এসআই মো. আবু নাঈম, পিএসআই মো. তুহিন ভূঁইয়া ও এএসআই মো. রুহুল আমিন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪