
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রে জুমার নামাজের সময় এক যুবকের মুঠোফোন চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ছোট হরিপুর গ্রাম থেকে একদল যুবক পিকনিকের উদ্দেশ্যে বাসযোগে রাজশাহীর গোদাগাড়ীর সাফিনা পার্কে যাচ্ছিলেন। পথে তানোর উপজেলা পরিষদ চত্বরে এসে তারা জুমার নামাজ আদায়ের জন্য বিরতি নেন।
নামাজ শুরুর পর দ্বিতীয় রাকাতে সিজদার সময় সামনে সাইলেন্ট করে রাখা পিকনিকে আসা সিয়াম নামের এক যুবকের ব্যবহৃত ‘রেডমি থার্টিন টাচ’ স্মার্টফোনটি চুরি করে নিয়ে যায় স্থানীয় এক বখাটে যুবক। বিষয়টি টের পেয়ে নামাজ শেষ না করেই ওই যুবক দ্রুত চোরের পিছু নেন। তবে উপজেলা পরিষদের পূর্বদিকে শীতলীপাড়া এলাকায় গিয়ে চোর পালিয়ে যায় এবং তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
পরে চুরি হওয়া ফোন ফিরে পাওয়ার আশায় ব্যর্থ হয়ে আক্ষেপ নিয়েই পিকনিকে যাওয়া দলটি আবার গোদাগাড়ীর সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়।
তানোর মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের ইমাম মাওলানা এখলাছুর রহমান বলেন, মসজিদের ভেতরে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। তবে সেগুলো সচল আছে কিনা এবং ফুটেজে চোর সনাক্ত করা যাচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
ভুক্তভোগী যুবক সিয়াম মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, “নামাজ পড়তে গিয়ে এমন ঘটনার শিকার হব, তা কল্পনাও করিনি। ফোনটি না পেয়ে খুবই কষ্ট লাগছে।”
স্থানীয় মুসল্লিরা জানান, পবিত্র মসজিদের মতো স্থানে এমন ঘটনা দুঃখজনক। তারা দ্রুত চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তানোর মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান মুঠোফোনে বলেন, “ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা সচল আছে কিনা এবং ফুটেজে চোর শনাক্ত করা যাচ্ছে কিনা—তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪