
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে অনু (১৬) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তানোর পৌরসভার হিন্দুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
অনু ওই এলাকার উজ্বল দাসের পালিত কন্যা। সে তানোর পৌরসভা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে অনুকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুঠোফোনে প্রেমসংক্রান্ত একটি বিষয় নিয়ে অনুর সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য চলছিল। তবে ওই বিষয়টি আত্মহত্যার কারণ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪