
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
একই দিনে পর্যায়ক্রমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মানব পাচার প্রতিরোধ কমিটি এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির নিয়মিত সভাও অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি দপ্তরে ঘুষ বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বরেন্দ্র অঞ্চলে ডিপ অপারেটরদের অনিয়ম, সড়কে যানজট এবং দাপ্তরিক জটিলতার বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন।
তিনি বলেন, ন্যায়ভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের আয়াত—“নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার ও সৎকর্মের নির্দেশ দেন” (সুরা আন-নাহল: ৯০)—উদ্ধৃত করে তিনি বলেন, এই নীতিকে সামনে রেখেই প্রশাসনকে কাজ করতে হবে। পাশাপাশি মহানবী (সা.)-এর হাদিস উল্লেখ করে তিনি বলেন, “তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।” দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ এবং তানোর থানার এসআই নাইম ইসলামসহ অনেকে।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল খালেক, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারুয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শিক্ষা কমিটির সভাপতি ও সংসদ সদস্যের একান্ত সচিব ড. ওবায়দুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন জোরদার, সড়ক শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং জনসেবায় জবাবদিহিতা বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। বিকেলে তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেন তিনি। দিনশেষে তানোর পৌর সদরের ইসলাহিয়া মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নেন সংসদ সদস্য।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪