
নিজস্ব প্রতিবেদক, তানোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোরের ইউএনও নাঈমা খানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এরআগে, সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান পর্যায়ক্রমে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সহকারী রিটার্নিং অফিসার ও গোদাগাড়ীর ইউএনও নাজমুস সাদাত রত্নের কাছেও মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক কামারুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদির, গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নোমায়ন আলী, তানোর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি আক্কাস আলী সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা আমরা আশা করছি আগামী নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ। অতীতে দেশের জনগণ ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদী শাসন দেখেছেন। দেশের মানুষের কোন কল্যাণ তারা করতে পারেননি। বরং দেশের বিভিন্ন ধরনের ক্ষতিসাধন তারা করেছেন। এবার জনগণ জামায়াতে ইসলামীকে হৃদয়ে স্থান দিয়েছেন। এবার ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থার জন্য জনগণ উন্মুখ হয়ে আছেন। আল্লাহ এবার জামায়াতে ইসলামীকে বিজয় দান করবেন। আপনারাও জামায়াতের এই কাফেলায় সামিল হবেন, ইনশাআল্লাহ।
এ সময়ে তানোর উপজেলা, দুই পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪