1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

খাল পুনঃখনন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে তানোরে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রাজশাহীর তানোর উপজেলায় খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা দেড়টার দিকে তিনি তানোর উপজেলায় পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।পরিদর্শনের শুরুতেই জেলা প্রশাসক উপজেলার ধামধুম থেকে ভূষনা মাদার খাল পুনঃখনন কার্যক্রম ঘুরে দেখেন। বিএমডিএ সূত্রে জানা যায়, খালটির ৩ কিলোমিটার পুনঃখনন কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বর্তমানে খালটির উভয় পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধামধুম থেকে ভূষনা খালের উভয় পাড়ের সগুনা, মাকরান্দা, শিররামপুর ও সাতপুকুড়িয়া মৌজায় প্রায় ৬৮০ বিঘা কৃষিজমি রয়েছে। পদ্মা নদী থেকে খননকৃত খালে পানি সরবরাহের জন্য পন্টুন ও পাম্প স্থাপনের কাজ চলমান আছে। এসব কাজ সম্পন্ন হলে সৌরবিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে প্রায় ৬৮০ বিঘা জমিতে সেচসুবিধা প্রদান সম্ভব হবে।

পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি আমগাছের চারা রোপণ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরপর তিনি বিএমডিএ তানোর জোন কার্যালয় চত্বরে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। পরে তানোর পৌরসভা কার্যালয়ে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন ও পৌরসভার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। সেখান থেকে উপজেলা ভূমি অফিসে গিয়ে ভূমিসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে জেলা প্রশাসক উপজেলার দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশর ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। বিএমডিএ ও এলজিইডির যৌথ বাস্তবায়নে ৫ দশমিক ৫৫ কিলোমিটার দীর্ঘ এ খালের পুনঃখনন কাজ প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে খালটির উভয় পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। খননকাজের অগ্রগতি ও মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় চলমান খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসকের এ পরিদর্শন চলমান উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি ও বাস্তবায়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!