
নিজস্ব প্রতিবেদক: তনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজশাহীর দুর্গাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) সন্ধায় উপজেলার পালি বাজারে মাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি এ দেশের মানুষের আশা-ভরসার নাম, গণতন্ত্রের অটল প্রতীক। জুলুম-নির্যাতন সহ্য করেও তিনি সবসময় দেশের মানুষের পাশে থেকেছেন। তাঁর জীবনের ইতিহাস বলে শেষ করা যাবে না।”তিনি আরও বলেন, “মা যেমন সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেন, তেমনি বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা এখন শুধু বিএনপির নয়, গোটা জাতির আকাঙ্ক্ষা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সিরাজুল করিম সনু এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তজা, পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক জুম্মা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্রো, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব রেজাউল করিম স্বপন, সাবেক সভাপতি বজলুর রহমান,জেলা যুবদলের সদস্য রেন্টু ও ছাত্রদলনেতা মনিরুল ইসলাম প্রমুখ। শেষে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪