
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাকে প্রাধান্য দিয়ে পর্যায়ক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা এবং চোরাচালান প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বনবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সংশ্লিষ্ট কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে পর্যায়ক্রমে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটি, উপজেলা যৌতুক নিরোধ কমিটি, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি এবং উপজেলা চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়েও একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকাসক্তি ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। একই স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সময়সূচি সংশোধন করে ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবে।
সভায় সংশ্লিষ্টরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিশোর-কিশোরীদের সচেতন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪