
নিজস্ব প্রতিবদেক: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে আব্দুল হাই মেমোরিয়াল একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা।
২১ মে বৃহস্পতিবার বিদ্যালয় সংলগ্ন সড়কে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও নারী সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার মামুন বলেন, একটি সভ্য সমাজে এমন নৃশংস ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার বর্ষা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমরা চাই না আর কোনো শিশুকে এভাবে নির্যাতনের শিকার হতে হোক। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধের অবক্ষয় ও অপরাধীদের প্রতি দুর্বল অবস্থানের কারণেই এ ধরনের ঘটনা বাড়ছে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪