1. admin@rajshahitribune24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল তরুণদের নতুন সম্ভাবনা তৈরি করেছে: রাসিক প্রশাসক নদী-পরিবেশ রক্ষায় তানোরে বাপার উপজেলা কমিটি গঠন তানোরে জামায়াতের পল্টন ট্র্যাজেডি দিবস পালন পল্টন ট্র্যাজেডির বিচার নিশ্চিতের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ বাগমারার পরিত্যক্ত গাওড়া বিল পরিষ্কারের উদ্যোগ, কর্মসংস্থানের আশা তানোরে আইনশৃঙ্খলাসহ ছয় কমিটির সভা অনুষ্ঠিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি অর্কিড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এরফান আলীর মৃত্যু তারেক রহমানের আগমন ঘিরে তানোরে মিজানের নেতৃত্বে র‍্যালি

রাজশাহী-২ আসন : স্বাস্থ্য খাতের সংস্কার ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি ডা. জাহাঙ্গীরের

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১০ বার পঠিত

রাজশাহী প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে জনমনে ব্যাপক আলোচনায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এলাকায় ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত এই চিকিৎসক সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর উন্নয়ন পরিকল্পনা ও আগামীর লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বলেছেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, নির্বাচিত হলে তিনি রাজশাহীর দীর্ঘদিনের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বিশেষ গুরুত্ব দেবেন। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান শয্যা সংকট দূর করতে ১২০০ বেড থেকে ৩ হাজারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

​স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, রাজশাহীতে একটি সরকারি মেডিকেল কলেজ থাকলেও রোগীর চাপের তুলনায় তা পর্যাপ্ত নয়। ৩ হাজার রোগী থাকলেও বেড মাত্র ১২০০, ফলে রোগীদের মেঝেতে থাকতে হয়। তিনি নির্বাচিত হলে বেড সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাজেট বরাদ্দ বাড়িয়ে মানসম্মত ওষুধ ও পথ্য নিশ্চিত করবেন। এছাড়া একটি সদর হাসপাতাল প্রতিষ্ঠা এবং ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

​রাজশাহীর বেকারত্ব দূরীকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিল্ক সিটি’ বা ‘ম্যাঙ্গো সিটি’ বলা হলেও এখানে কর্মসংস্থানের অভাব প্রকট। তাই এখানে ইপিজেড প্রতিষ্ঠা এবং কৃষিভিত্তিক শিল্প (এগ্রোবেসড ইন্ডাস্ট্রি) গড়ে তোলা প্রয়োজন। এতে কৃষকেরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং অনেকের কর্মসংস্থান হবে। পাশাপাশি হাইটেক পার্ককে কার্যকর করে আইটি খাতের উন্নয়ন এবং মৃতপ্রায় বিসিক ও রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করার কথা জানান তিনি।

​পদ্মা নদী ও সমাজ সংস্কার নিয়ে এই প্রার্থী জানান, পদ্মার পানি পরিকল্পিতভাবে সেচের আওতায় এনে কৃষি উৎপাদন বাড়ানো হবে। এছাড়া নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং সমাজকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের সকল কর্মী ও সংশ্লিষ্টদের কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

​জুলাই সনদ ও গণভোট বিষয়ে ডা. জাহাঙ্গীর বলেন, “আমরা সংস্কার ও ক্ষমতার ভারসাম্যের পক্ষে। দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরতে না পারে, সেজন্য আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি করছি।” তিনি প্রত্যাশা করেন, গত কয়েকটি নির্বাচনের মতো এবার আর ‘ডামি’ নির্বাচন হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ​রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫১ জন, নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।

রাজশাহী-২ আসনটি জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। এ আসনে প্রতিষ্ঠিত বড় দলগুলোর গুরুত্বপূর্ণ পদধারী নেতারা অতীতে নির্বাচনে অংশ নিয়েছেন এবং তাদের অনেকেই নির্বাচিত হয়ে সংসদে গেছেন। জামায়াতের পক্ষ থেকে একজন চিকিৎসক এবং সমাজসেবী হিসেবে পরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়াকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!