
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার তালন্দ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৌতম চন্দ্র দাস (১৮) উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি বিমল চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তালন্দ বাজারে তাঁর বাবার কামারের দোকানে বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় হঠাৎ শর্ট সার্কিটের ঘটনায় গৌতম চন্দ্র দাস বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, বৈদ্যুতিক বোর্ডে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় শর্ট সার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪