
সৈয়দ মাহামুদ শাওন :সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে আজ ২৪ মে ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিন প্রত্যন্ত অঞ্চলের ৬৫৩ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মানসম্মত চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে বিজিবি।
বিজিবি’র এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের সার্বিক কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে সরাসরি তদারকি করেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।
চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম পরিদর্শনের পর তিনি উপস্থিত স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন সীমান্ত পরিস্থিতি ও জনকল্যাণমুখী বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। ক্যাম্পেইনে আগত রোগীদের দিনব্যাপী নিবিড় চিকিৎসাসেবা প্রদান করেন রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরের মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমী এবং তাঁর সাথে থাকা আরও ০২ জন বেসামরিক চিকিৎসক।
দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সুধী সমাজ এবং চিকিৎসা নিতে আসা প্রান্তিক মানুষজন। বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্তবর্তী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পাশে দাঁড়ানো এবং কল্যাণে ৫৯ বিজিবি’র এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক প্রচেষ্টা ভবিষ্যতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪