
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুর রহমান, তানোর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ অনেকে।
সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যার নির্মমতা স্মরণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং জাতীয় চেতনা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪