
নিজস্ব প্রতিবেদক, তানোর : শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে রাজশাহীর তানোরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং সৃজনশীল ধারণা উপস্থাপন করেন।
তানেোর উপজেলা প্রশাসন ও এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইমা আঞ্জুমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর সহ অনেকে। প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞান প্রকল্প, তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দৈনন্দিন সমস্যার বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করেন। পরে আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় তানোর আব্দুল করিম সরকার কলেজ প্রথম, মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় দ্বিতীয় এবং মুন্ডুমালা বালিকা উচ্চবিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
এ সময় তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪