
নিজস্ব প্রতিবেদক,তানোর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে এবং ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এছাড়া জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি. এম আক্কাস আলীসহ দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন, তানোর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে তানোর উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ইউএনও নাঈমা খানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তানোর পৌরসভা, থানা পুলিশ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪