1. admin@rajshahitribune24.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তানোরে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোয়াজ্জেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং ব্লাস্টের প্রতিনিধি।

সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. মহসিন আলী। সেফগার্ডিং (সুরক্ষা) বিষয়ে আলোচনা করেন ব্র্যাক মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আরিফুল হক। ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন টেকনিক্যাল ম্যানেজার মিতা রানী সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা মোতালেব হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা বিভাগের ফিল্ড সুপারভাইজার, বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আয়োজকেরা জানান, ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের মূল লক্ষ্য হলো জেন্ডারভিত্তিক সহিংসতা, বুলিং ও যৌন হয়রানিমুক্ত নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র ও কমিউনিটি গড়ে তোলা। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। রাজশাহীসহ ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বরিশাল ও নারায়ণগঞ্জ জেলায় এ প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পের আওতায় ২৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, তৈরি পোশাকশিল্প খাত, গণপরিবহন ও বিভিন্ন কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঝুঁকি বিশ্লেষণ, ঝুঁকি মানচিত্র প্রণয়ন, অভিভাবক সভা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা এবং যুব ফোরাম গঠনের মতো কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও তরুণদের জন্য নিরাপদ ও সহনশীল সামাজিক পরিবেশ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,

বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ

  ©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪

Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!