
নিজস্ব প্রতিবেদক, তানোর : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ঝিনাইখৈর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রান্তিক নারীদের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেল তিনটায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি (এফএইচ) এর উদ্যোগে “সকল নারী এবং মেয়েদের জন্য: অধিকার! ন্যায়বিচার! পদক্ষেপ!”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রান্তিক নারীদের অধিকার, সামাজিক নিরাপত্তা, সমতা ও উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারী ও মেয়েদের প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা, প্রকল্প সমন্বয়কারী বিমল হেমরম, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. শাহানারা বেগম, ঝিনাইখৈর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আলেয়া বেগম, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আসমা খাতুন, রাশিদা পারভীন, মিজানুর রহমান ও অনুপ নকরেক। এ সময় এফএইচ’র সঞ্চয় দলের সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
এর আগে একইদিন বেলা ১১টায় তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও হলরুমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি ফুড ফর দ্য হাংরি (এফএইচ) এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।বক্তারা প্রান্তিক নারীদের ক্ষমতায়ন, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজে সমতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪