
সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৫৩)।
বিজিবি সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়।
এর মধ্যে চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি গরু জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জব্দ করা গরুগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বিজিবি আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪