
নিজস্ব প্রতিবেদক, তানোর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি গোদাগাড়ীতে আয়োজিত বিশাল জনসভাকে সফল করার লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় গোদাগাড়ীর তৈমুর চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা জনসভা বাস্তবায়ন কমিটির উদ্যোগে জেলা ও উপজেলার সাংবাদিকদের সঙ্গে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আবদুল খালেক। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানাতে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এটি গণসমাবেশে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, আগামী ৫ ফেব্রুয়ারি বেলা ১২টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ জনসভা ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও জনসমাগম বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ুন আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন শেষে আয়োজক নেতাকর্মীরা উপস্থিত সাংবাদিকদের নিয়ে সম্মেলনস্থল ঘুরে দেখান এবং জনসভা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪