
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে লোকমোর্চার সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর, ২০২৬) তানোর উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
ডাসকো ফাউন্ডেশনের তানোর উপজেলা সমন্বয়কারী মশিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের রাজশাহী জেলা সমন্বয়কারী মদন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মামুন, বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী আজমল হক, লোকমোর্চার উপজেলা সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন, এলজিইডি তানোর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বিউটি হেমব্রম ও অনিকা সরেন প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, দুর্যোগ ঝুঁকি হ্রাসে জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় লোকমোর্চার সদস্যদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে ‘নাগরিকতা’ কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন, বিএসডিও, ডাসকোহ, জাগোনারী এবং এনএসএস। অনুষ্ঠানে স্থানীয় লোকমোর্চার সদস্য, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪