
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ছাঐড় গ্রামসংলগ্ন মিরাপুর মোড় এলাকায় অভিযান চালায় তানোর থানা-পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সুমন মিয়াকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
গ্রেপ্তার সুমন মিয়া তানোর উপজেলার ছাঐড় গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় তানোর থানার উপপরিদর্শক (এসআই) তারিক বিন খালিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন। ৮ নভেম্বর মামলাটি ৩ নম্বর মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়। মামলাটির তদন্ত করছেন উপপরিদর্শক আবু হুরায়রা।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার যুবককে রোববার সকালে আইনি প্রক্রিয়া শেষে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান,
বার্তা সম্পাদক : সৈয়দ মাহমুদ
©স্বত্ব সংরক্ষিত © ২০২৫ রাজশাহী ট্রিবিউন ২৪